Mamata on Sourav: আবারও দাদার হয়ে মাঠে মুখ্যমন্ত্রী, বিসিসিআই সভাপতি নির্বাচনকে নিয়ে বিজেপিকে ইয়র্কার মমতার
সৌরভের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন - সৌরভ ভদ্র ছেলে বলে কিছু বলেনি। মুখ বুজে রয়েছে। নিশ্চয়ই ওর ব্যথা হয়েছে। সেই ব্যথা কাউকে বুঝতে দেয়নি। আমরা বিষয়টি কিন্তু সহজ ভাবে নিচ্ছি না।
সদ্য নিজের বিসিসিআই সভাপতি (BCCI President) পদ হারিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।সেই খবরে মোটেও খুশি নন সৌরভ ভক্তরা। খুশি নন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ও (Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরের আগে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “দেশবাসী এবং ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলছি, সৌরভ আমাদের গৌরব। যথেষ্ট দক্ষতা নিয়ে মাঠে খেলেছেন। প্রশাসনিক দিকটাও ভালোভাবে চালিয়েছেন। বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন। আদালত থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ সৌরভ এবং অমিত শাহের ছেলের জন্য ছিল। বোর্ডে অমিত বাবুর ছেলে রয়ে গেলেন, অথচ সৌরভকে বাদ দেওয়া হল। কেউ ভালো কাজ করলে সে থাকতেই পারে। আমার প্রশ্ন, সৌরভকে বাদ দেওয়া হল কী কারণে? ওকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমি ভীষণ বিস্মিত হয়েছি এবং দুঃখ পেয়েছি।”
বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর থেকে কলকাতায় এসেছেন মমতা। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি এসে ফের 'দাদা'র হয়ে ব্যাট ধরলেন 'দিদি'।বুঝিয়ে দিলেন পাশেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বিজেপি-কে ( BJP) নিশানা করে বলে দিলেন যে, সৌরভ বিজেপি-র রাজনৈতিক প্রতিহিংসার শিকার! তিনি বলেন-
আজ কুড়ি তারিখ। আইসিসি-তে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। সল্টলেকে এসে আমার মনে পড়ল, সৌরভকে কীভাবে বঞ্চনা করা হয়েছে। আমি বিজেপি সরকারের অনেককেই অনুরোধ করেছিলাম ওর ব্যাপারে। আমি প্রকাশ্যেও অনুরোধ করেছি। ও ভেরি মাচ এনটাইটেলড ছিল। ও তিনবার ডিরেক্টরও ছিল। ওকে পাঠালে দেশের গৌরব বাড়ত। জগমোহন ডালমিয়াও তো হয়েছিল। শরদ পাওয়ারও হয়েছিল। তাহলে আজ কোন অজ্ঞাত কারণে সৌরভের মতো ছেলেকে টোটাল ডিপ্রাইভড করা হল? পজিশনটা রেখে দেওয়া হয়েছে অন্য কারোর জন্য রিজার্ভ করে। নিজস্ব স্বার্থপরতার কারণে এমনটা হয়েছে। দেশের প্রকৃত ক্রীড়াপ্রেমী মানুষদের বঞ্চিত করা হল। আজ সচিন তেন্ডুলকর বা মহম্মদ আজহারউদ্দিন এই জায়গায় থাকলেও, আমি সমর্থন করতাম। আমরা ক্রিকেটকে সবসময় ইন্ডিয়া হিসাবে দেখেছি। সেখানে সৌরভ সারা পৃথিবীতে বারাবার ঘুরে এসেছে, খেলে এসেছে। সৌরভ ভদ্র ছেলে বলে কিছু বলেনি। মুখ বুজে রয়েছে। নিশ্চয়ই ওর ব্যথা হয়েছে। সেই ব্যথা কাউকে বুঝতে দেয়নি। আমরা বিষয়টি কিন্তু সহজ ভাবে নিচ্ছি না। আমরা শকড! ইটস আ শেমলেস পলিটিকাল ভেন্ডেটা, টু গিভ প্রায়োরিটি, টু আ পার্টিকুলার পার্সন।'
(The above story first appeared on LatestLY on Oct 20, 2022 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

