WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

পূর্ব বিহার ও ঝাড়খণ্ডে অবস্থিত ঘূর্নাবর্তের কারণে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার জন্য চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।  উত্তরের দার্জিলিং কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারি থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের জন্য রয়েছে হলুদ সর্তকতা। দক্ষিণ বঙ্গের বীরভূম মুর্শিদাবাদে ভারী বর্ষণের হলুদ সর্তকতা জানানো হয়েছে ,সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামী কয়েক দিন বজ্রপাত ও দমকা হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ওঠানামা করছে তাপমাত্রা, রয়েছে ভ্যাপসা গরমও। আবার বৃষ্টিও হচ্ছে, আবহাওয়ার এই খামখেয়ালিপনা প্রভাব ফেলেছে পুজোর বাজারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে চলবে বৃষ্টিপাত। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।