Rainy Forecast in Bengal (Photo Credit: X@ANI)

সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আগামী চার দিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর দুয়ার এই ৫ জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৭ আগস্ট পর্যন্ত। তবে তারপর থেকে বৃষ্টি কমবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি বৃষ্টি হলেও হাঁসফাঁস করা গরম কিছুতেই কাটছে না, উল্টে ঘর্মাক্ত গরমে অস্বস্তি অনুভূত হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।

এদিকে স্থানীয় ভাবে বজ্র গর্ভ মেঘের কারণে আজ ভোরে কলকাতা ও সংলগ্ন এলাকায় বহুক্ষণ বৃষ্টি হয়। আলিপুরে আজ সকাল সাড়ে ছটা পর্যন্ত ৪১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টি প্রত্যাশিত। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ৭ আগস্ট পর্যন্ত দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণ বঙ্গের বীরভূম , পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।