একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আলোচনা শেষে রাজ্যের বিধায়ক, মন্ত্রীদের জন্যে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানালেন প্রতি স্তরে ৪০,০০০ টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিন তিনি এও জানান, দেশের মধ্যে বাংলার বিধায়কদের বেতন সবচেয়ে কম। তাই রাজ্য সরকারের তরফে বিধায়ক, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিন বিধানসভা অধিবেশন থেকে মূলত রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রি এবং বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এতদিন যাবত রাজ্যের বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। এখন বাড়িয়ে তা করা হয়েছে ৫০ হাজার টাকা। রাজ্যের মন্ত্রীরা বেতন পেতেন মাসে ১১ হাজার টাকা। তা বেড়ে হল ৫১ হাজার টাকা। এছাড়া প্রতিমন্ত্রীদের বেতন ছিল মাসে ১০ হাজার ৯০০ টাকা। এখন তাঁরা পাবেন মাসে ৫১ হাজাএ ৯০০ টাকা।
তবে রাজ্যের বিধায়ক বা মন্ত্রীদের বেতন বৃদ্ধি করলেও নিজের বেতন এক পয়সাও বাড়াননি তিনি। সে কথাও এদিন অধিবেশনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধির পর নয়া বেতন পরিকাঠামোতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে মমতার বেতন অপরিবর্তিত থাকবে। তিনি জানান, সাত বারের বিধায়ক তিনি। ১ লক্ষের বেশি পেনশন পান। কিন্তু সেই টাকা তিনি নেন না। বাংলার আর পাঁচজন সাধারণ মানুষের মত নিজের প্রয়োজন টুকুই মেতান তিনি। নিজের বই বিক্রির স্বত্ব বাবদ যা টাকা পান তাতেই তাঁর চলে যায়, উল্লেখ মমতার (Mamata Banerjee)।