পুজোর বাকি আর কয়েকটা দিন। এরপরেই কৈলাশ থেকে ছেলেপুলেদের নিয়ে বাপির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন 'মা'। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। কলকাতার পুজো মানেই থিমের দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে। লেটেস্টলি বাংলার পেজে দেখতে থাকুন কলকাতার সেরা পুজোগুলোর খুঁটিনাটি ঃ-
সন্তোষপুর লেক পল্লী
দুর্গাপুজো মানেই সাবেকিয়ানা থেকে থিমের ছড়াছড়ি। আর থিম মানেই এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। কিন্তু সন্তোষপুর লেক পল্লীর এবারের ভাবনা কলকাতার অন্যান্য পুজোগুলোকে ভাবাতে বাধ্য করবেই। ৬৬ বছরের এই পুজোর থিম স্বতন্ত্র।ভাবনা ও রূপায়নে রয়েছেন রাজকুমার প্রামাণিক। শিল্পীর কথায় , স্ব অর্থাৎ নিজের এবং তন্ত্র অর্থাৎ প্রযুক্তি। মানুষের শরীরে যে প্রযুক্তি রয়েছে অর্থাৎ মানুষের একাগ্রতা, মানুষের যে চিন্তাভাবনা, মানুষের মধ্যে থাকা যোগবল সব কিছুকে জাগিয়ে তোলার মধ্যে দিয়ে রূপ পাবে মন্ডপ সজ্জা। শিল্পীর সঙ্গে কাজে হাত মিলিয়েছেন ১৫ জন শিল্পী। ভাবনার সঙ্গে তাল মিলিয়ে প্রতিমা করছেন অধীর পাল। মন্ডপে থাকছে ৪০ ফুটের একটি শিবলিঙ্গ।
নিজের যোগবলে শক্তি অর্জন করেছিলেন মহিষাসুর, তাই মানুষ চাইলেই যোগবলে অর্জন করতে পারে অনেক কিছুই। সেই বার্তা দিতেই এবার সাজছে সন্তোষপুরের লেকপল্লীর পুজো।