Photo Credit: X@ETVBharatWB

বুধবারের সাময়িক বৃষ্টি তপ্ত গরম থেকে কিছুটা আরাম ও স্বস্তি দিয়েছে। বুধবার রাতের ঝড়-বৃষ্টিতে তাপমাত্রার পারদও কিছুটা কমেছে।তবে এখনি পুরোপুরি কমছে না গরম। সকালের দিকে কিছুটা মনোরম পরিবেশ থাকলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লেই অস্বস্তি বাড়ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, অসম ও পঞ্জাবে সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে।

শুক্রবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। । আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

শুক্রবার দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের ও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার পরের দু’দিনে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর ফলে সারা সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে রাজ্যে।