দোহা, ১০ ডিসেম্বর: ব্রাজিল পারেনি, আর্জেন্টিনা (Argentina) পারল। নেদারল্যান্ডস (Netherlands) পারল না, ক্রোয়েশিয়া (Croatia) পারল। কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম দিনটা দুই লাতিন আমেরিকার সুপার পাওয়ার দেশের দু রকম হল। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিল ব্রাজিল, আর নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। ডাচদের বিরুদ্ধে লিওনেল মেসিদের ম্যাচটা চূড়ান্ত নাটকীয়তায় শেষ হল। আর্জেন্টিনার বিরুদ্ধে ০-২ পিছিয়ে থেকে নাটকীয় কায়দায় সমতায় ফিরে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু শেষরক্ষা হল না ডাচদের। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ টাইব্রেকারে মেসিদের জিতিয়ে আনলেন। সেই সঙ্গে ফিফা বিশ্বকাপে আট বছর পর শেষ চারে খেলবেন মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার রেকর্ড দারুণ। এবার ফাইনালে ওঠার ম্যাচে আর্জেন্টিনার সামনে ক্রোয়েশিয়া। ব্রাজিলকে হারানো ক্রোটদের বিরুদ্ধে মেসিরা ফেভারিট হিসেবেই নামবেন।
এদিন লুসেইল স্টেডিয়ামে ডাচদের বিরুদ্ধে ম্যাচের ৩৫ মিনিটে মেসির অনবদ্য এক টাচ থেকে গোল করে যান আর্জেন্টাইন ডিফন্ডার নাহুয়েল মোলিনা। এরপর গোটা ম্যাচ জুড়ে মেসিদের দাপট আরও বাড়ে। ম্যাচের ৭০ মিনিটে আকুনাকে বক্সের মধ্যে ডাচ ডিফেন্ডার অবৈধ ট্যাকল করায় পরিষ্কার পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে যান মেসি। বিশ্বকাপের ইতিহাসে দশটা গোল করে বাতিস্তুতাকে ধরে ফেললেন মেসি। আরও পড়ুন-বিদায় ব্রাজিল, ক্রোটদের কাছে টাইব্রেকারে হার নেইমারদের
দেখুন ছবি
LOS HÉROES DE LA ARGENTINA. pic.twitter.com/zZqoTzdEDx
— Copa Mundial FIFA 🏆 (@fifaworldcup_es) December 9, 2022
দু দুটো গোলে এগিয়ে আর্জেন্টিনা এরপর যেমন খেলছিল, দেখে মনেই হচ্ছিল মেসি বনাম মদ্রিচ সেমিফাইনাল সময়ের অপেক্ষা। কিন্তু এমন একটা ম্যাচের নিয়তি নাটকে ভরা লিখে রেখেছিলেন ফুটবল ঈশ্বর। ম্যাচে ৮৩ মিনিটে ওয়াউট ওয়েঘোর্স্ট ব্যবধান কমানোর পর ম্যাচে উত্তেজনা ফেরে। গোল করার পর ডাচ দল মাথা গরম করে ফাউল করতে থাকে।
এসবে অনেকটা সময় নষ্ট হওয়ায় ৯০ মিনিটের পর আরও ১০ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। মরণকামড়ের মত শেষের দিকে ঝাঁপিয়ে পড়ে ডাচরা। আর্জেন্টিনার ডিফেন্স লাইন বারবার প্রতিরোধ করছিল ডাচদের। কিন্তু ইনজুরি টাইমের একেবারে শেষ মুহর্তে, ম্যাচের ১০১ মিনিটে আর্জেন্টিনার ভুলে পাওয়া অনবদ্য ফ্রি কিক থেকে দলকে সমতায় ফেরান সেই ওয়াউট ওয়েঘোর্স্ট। এরপর টাইব্রেকারে মার্টিনেজ অনবদ্য হয়ে উঠে ৪-৩ জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা।