কিভ, ২১ মার্চ: রাশিয়া (Russia) ইউক্রেনে (Ukraine) হানাদারি চালানোর পর একের পর এক সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। রাশিয়ার হানাদারির জেরে এখনও পর্যন্ত প্রায় ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১৫০০। রাষ্ট্রসংঘের (UN) তরফে এবার এমনই একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে রুশ হামলার জেরে এখনও ৯০০ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর।
এদিকে ইউক্রেন জুড়ে রুশ হানাদারি অব্যাহত। সোমবার সকালে ইউক্রেনের রিভিনে পরপর দুটি রুশ মিসাইল আছড়ে পড়ে। রিভিনে মিসাইল হামলার জেরে কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
অন্যদিকে কিভের উত্তর দিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনীয় সেনার জোরদার সংঘাত চলছে। উত্তর কিভ দখল করতে রুশ সেনা এগোলে, ইউক্রেনের তরফে তাদের বাধা দেওয়া হয়। এরপরই দু পক্ষের মধ্যে জোরদার সংঘাত শুরু হয়ে যায় বলে জানানো হয় ইউক্রেন প্রশাসনের তরফে। উত্তর কিভে ২৫ কিলোমিটার এলাকা ঘিরে ফেলে রুশ সেনা বাহিনী লাগাতার হামলা শুরু করেছে। তবে তারা এখনও পর্যন্ত ইউক্রেনের রাজধানী শহরের দখল নিতে পারেনি বলে জানানো হয়।