ভারতের মতো পাকিস্তানেও একটানা বৃষ্টিপাতে বিপর্যস্ত বিভিন্ন এলাকা। পড়শি দেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দীর্ঘ ৪৪ বছরে এই প্রথম এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যার ফলে বিপর্যস্ত লাহোর (Lahore), করাচি (Karachi), খাইবার পাখতুনখোয়ার (Khyber Pakhtunkhwa) মতো এলাকাগুলি। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে এই দেশে। এর আগে ১৯৮০ সালে ৩৩২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে পাকিস্তানে। এবার সেই রেকর্ড ভাঙল। টানা বৃষ্টিতে ঘরছাড়া প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ। জলের তলায় তলিয়ে গিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। বিপর্যস্ত যান চলাচল। বন্ধ করা হয়েছে স্কুল কলেজ। টানা বৃষ্টি এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে, আহত অনেকে।
জানা যাচ্ছে, লাহোরেই কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাড়ির ছাঁদ ভেঙে মৃত্যু হয়েছে এক নাবালিকার। এবং বাকি তিনজনের বিদ্যুতপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। অন্যদিকে খাইবার পাখতুনখোয়াতে জলে ডুবে মৃত্যু হয়েছে দুইজনের। এখনও পর্যন্ত শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে আকষ্মিক বন্যা হয়ে জলের তোড়ে ভেসে গিয়েছে বহু মানুষ। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারী দল। আবহাওয়ার কারণে লাহোর, করাচিতে কমপক্ষে ৬টি বিমান নির্দিষ্ট সময়ে রওনা দিতে পারেনি।
ঘরছাড়া মানুষদের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খাদ্যেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এত মানুষের জন্য পর্যাপ্ত শিবিরের ব্যবস্থা নেই বলে অনেকেই রাস্তায় আশ্রয় নিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৬ অগাস্ট পর্যন্ত টানা বৃষ্টি চলবে। পরবর্তীকালে আবহাওয়া উন্নতি হতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা।