সন্দেশখালি, ৯ ফেব্রুয়ারিঃ ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। বুধবার থেকে শাহজাহান বাহিনী এবং গ্রামবাসীর তাণ্ডবে জ্বলছে গ্রাম। ওই দিন লাঠিসোঁটা, বোমা বন্দুর নিয়ে গ্রামবাসীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। পালটা গ্রামবাসীর তাড়া খেয়ে পালায় বাহিনী। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ২ জন তৃণমূল নেতা এবং তিন জন গ্রামবাসী। আজ শুক্রবার ফের নতুন করে অশান্তি ছড়ায় সন্দেশখালিতে। তৃণমূলের বেপাত্তা নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তর প্রসাদের অবিলম্বে গ্রেফতারির দাবি তুলে সরব হয়েছে গ্রামবাসী। দুই জেলা পরিষদের সদস্যের গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার থেকেই তেতে উঠেছে সন্দেশখালি। লাঠি, ঝাঁটা নিয়ে দফায় দফায় পুলিশকে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। নেতৃত্ব মূলত চোখে পড়েছে গ্রামের মহিলাদেরই। জানা যাচ্ছে, শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে গ্রামের বিক্ষভকারী দল।
আরও পড়ুনঃ তৃতীয়বার ইডির ডাক শাহজাহানের কাছে, ‘গোপন ডেরা’ থেকে ধরা কি দেবেন!
বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের গরির মানুষদের চাষের জমি কেড়ে নিয়ে মেছো ভেড়ি তৈরি করেছে শিবু এবং উত্তম। গ্রামবাসীদের লিজের টাকাও বিগত তিন বছর ধরে আটকে রেখেছে তাঁরা। দ্রুত তাঁদের গ্রেফতারের দাবি তুলেছে তাঁরা।
জ্বলছে শিবুর পোলট্রি...
VIDEO | Violence erupts in Sandeshkhali in North 24 Parganas district of West Bengal. Protesters demand the arrest of TMC leader Shahjahan Sheikh in the alleged ration allotment scam. pic.twitter.com/ks5NC6VxrC
— Press Trust of India (@PTI_News) February 9, 2024
এদিকে শুক্রবার রেশন দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে শাহজাহানকে (Sheikh Shahjahan) তৃতীয়বার সমন পাঠিয়েছে ইডি (Enforcement Directorate)। আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দুবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক এড়িয়ে গিয়েছেন তৃণমূল নেতা। ততৃতীয়বার ইডির ডাকে তিনি সাড়া দেন কিনা সেই দিকেই নজর রাজ্যবাসীর। ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশির জন্যে যাওয়ার পথে ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়েছিল শাহজাহান বাহিনী। সেই ঘটনার এক মাস পার হয়ে গেলেও এখনও কোন খোঁজ মেলেনি সন্দেশখালির 'দাপুটে' নেতার। যা নিয়ে রাজ্য পুলিশের ব্যর্থতাকেই বারবারে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বিরোধী দলগুলো।