Kolkata Rain Water (Photo Credit: X)

পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর সঙ্গে চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার(WIPHA) অংশ মিশে ঘূর্ণাবর্ত আরো শক্তিশালী হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি একটি সুস্পষ্ট নিম্ন চাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে তা পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানান হয়েছে। ফিরোজপুর কারিনার মিরাট বারানসি জামসেদপুর ও দীঘার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের সংযোগে রাজ্যের উপকুলীয় জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।আলিপুরে আজ সকাল সাড়ে ছটা পর্যন্ত ৬৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। উপকূলে বৃষ্টি বাড়ায় ২৮ তারিখ পর্যন্ত মৎস্যজীবিদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকুলে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে রাজস্থান হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর এবং আসামের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব আরবসাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে  মৌসুমী অক্ষরেখা। গুজরাট তেলেঙ্গানা অন্ধপ্রদেশ এর ওপর দিয়ে এসেছে এই অক্ষরেখা।যার ফলে আগামী চারদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।

উত্তরবঙ্গেরও একাধিক জেলায় শুক্রবার ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।

 

আজ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার জন্য রয়েছে লাল সতর্কতা। কমলা সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলী এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য।শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।