WB Weather (Photo Credit: X@imdkolkata)

মঙ্গলবার সারাদিন গরমে দুর্বিষহ অবস্থা ছিল কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই। কিন্তু, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় মধ্যরাতের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে গরমে নাজেহাল মানুষ। আলিপুরে আজ সকাল সাড়ে ৬ টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রার পারদ।কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৬ ডিগ্রি কম।বুধবার সকাল থেকেই শহর ও শহরতলির আকাশ মেঘলা।

একধাক্কায় বেশ কিছুটা তাপমাত্রা কমলেও আপাতত গরম থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গ। উল্টে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।পূর্ব বিহারের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে বিক্ষিপ্ত ভাবে কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও শুষ্ক পশ্চিমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  অস্বস্তিকর গরম বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন মূলত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্রতা বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরমের দাপট বজায় থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম অব্যাহত থাকবে।‌

উত্তরবঙ্গে অবশ্য আপাতত বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা , উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় ভারী বর্ষণের কমলা সতর্কতাও জারি করা হয়েছে।