0207 Bengal Weather (Photo Credit: X@IMDKolkata)

বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে রাজ্যে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। রয়েছে ঘূর্ণাবর্তও। এসবের প্রভাবেই আজ গোটা রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল টি এখন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় তা ধীরে ধীরে ঝাড়খন্ডকে পার করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত জানিয়েছেন। এদিকে, জুন মাসের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলায়।

অন্যদিকে,হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে উত্তাল থাকতে পারে সমুদ্র। মঙ্গলবার অবধি সতর্কতা থাকলেও আজ  বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। পাশপাশি বুধবার ঝড়বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির জন্য দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণের পাশাপাশি বুধবার উত্তরবঙ্গেরও প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গে গড়ে বৃষ্টিপাত বেশি হলেও উত্তরবঙ্গে এখনও পর্যন্ত সার্বিক ভাবে বৃষ্টির পরিমাণ কম রয়েছে বলেও জানিয়েছেন হাওয়া অফিস।