জুন মাসের শুরুতেই বাড়তে শুরু করেছে গরম। গতকালের পর কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। ভ্যাপসা ও ঘর্মাক্ত গরমই কাহিল করে তুলছে।বেলা বাড়তে গরম সমানে বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। সোমবার সকালেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।
সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে? কী বলছে আবহাওয়ার রিপোর্ট? আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী তিন-চার দিন ৪-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে আজ সোমবার মূলত পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আর সেভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হবে না কোথাও। বেশিরভাগ জেলাতেই গরম বাড়বে হুড়মুড়িয়ে। কলকাতা সহ একাধিক জেলায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ।
দক্ষিণবঙ্গে অসহ্য গরম অনুভূত হলেও, উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই ভিন্ন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জারি করা হয়েছে সতর্কতাও। বর্ষার আবির্ভাবের পর থেকেই বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ, কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমন হয়নি। ফলে অস্বস্তি রয়েছে দক্ষিণবঙ্গে।