Bengal Weather Forecast (Photo Credit: X@imdkolkata)

ওড়িশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ টি গতকাল থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে তা আরো উত্তরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপটি আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।এর ফলে গতকাল থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়াও।

গতকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া,হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও দু একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

ওড়িশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি উত্তরে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। গতকালই তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তাই আগামী ৩১ তারিখ পর্যন্ত মৎস্য জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হলদিয়া এবং কলকাতা বন্দরে স্থানীয় সতর্ক সংকেতও জারি করা হয়েছে।