উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত টি গতকাল সন্ধ্যার পরে একটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় ওড়িশা হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে ।এর প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে নদী এবং সমুদ্র উত্তাল থাকায় বুধবার পর্যন্ত জারি করা হয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। রয়েছে ঝড়ো হাওয়ার দাপট। কখনো আংশিক আবার কখনোবা পুরোপুরি কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। এই নিম্ন চাপের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ঝড়-বৃষ্টি জারি থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।