অস্বস্তিকর গরমে যখন নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে তখন আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দফতর সূত্রে খবর সপ্তাহের শেষের দিকে পূর্ব-ভারতের একাংশে বর্ষা ঢোকার পরিস্থিতি তৈরি হতে চলেছে ৷ হাওয়া অফিসের পর্যবেক্ষণ কলকাতা থেকে ১১৭ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থিত স্যান্ডহেড দ্বীপে বর্ষা পৌঁছে গিয়েছে । তাই গাঙ্গেয় বঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে পারে ৷ আবহাওয়ার মানচিত্র বলছে বর্ষা দক্ষিণবঙ্গের গা-ঘেঁষে রয়েছে ৷ কিন্তু তারপর থেকে তার নড়নচড়ন নেই । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা রয়েছে ৷ ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে ৷ বিক্ষিপ্ত বৃষ্টিতেও মিলছে না স্বস্তি। আরবসাগর এবং বঙ্গোপসাগরে দু'টি অতি গভীর নিম্নচাপের অবস্থানের কারণেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর এই স্থবিরতা ।
তবে হাওয়া অফিস এর পূর্বাভাস আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির জেরে শুক্রবার থেকে রবিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলায়।
উত্তরবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস।
বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ সর্বনিম্ন ৭২ শতাংশ ৷