West Bengal Weather 0608 (Photo Credit: X@Imdkolkata)

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর তৈরি একটি ঘূর্ণাবর্তর কারণে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বুধবার ভোররাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে কলকাতা, দুই ২৪ পরগনা হাওড়া এবং হুগলি জেলার বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।  স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ক্যানিং থেকে কাকদ্বীপে মুষলধারে বৃষ্টি হয়েছে। স্বস্তির বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে আবহাওয়া, বুধবার সকালে কলকাতায় পারদ নেমেছে অনেকটাই। আলিপুরে আজ সকাল সাড়ে ছটা পর্যন্ত ২৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে আজও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া এবং হাওড়া জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন তাপমাত্রা মূলত বাড়তে পারে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।

মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত— এই দুইয়ের প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি এখনই থামবে না উত্তরবঙ্গেও। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবার পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।