শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় মূলত মেঘলা আকাশ।ফের ঘূর্ণাবর্ত (Cyclone) ঘনীভূত হওয়ায় শনিবার অর্থাৎ ২৮ জুন পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipure Weather Office)। তবে বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে। রথের দুপুরে কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে এবং সংলগ্ন সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
নিম্নচাপ কেটে গেলেও ২ জুলাই পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই লাগাতার বৃষ্টি চলতে থাকবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ১ জুলাই দক্ষিণের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৮ তারিখ উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে ওইদিন। ২৯ জুনও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। ৩০ জুন ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আর ১ জুন শুধুমাত্র জলপাইগুড়িতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা আছে। সেদিন আবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে।