1707 WB Weather Update (Photo Credit: X@Imdkolkata)

সরছে নিম্নচাপ, কমছে বৃষ্টি। এই মুহুর্তে  রাজ্য থেকে সরে গিয়ে নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের ওপর অবস্থান করছে। তবে রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে পুরুলিয়া , কাঁথি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে দক্ষিণবঙ্গে। আজ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। বৃষ্টিপাত চলবে কলকাতাতেও।  শহর ও শহরতলিতে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে, বৃহস্পতিবার সকালে রোদের দেখাও মিলেছে।

তবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি ১৯-২১ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টি প্রত্যাশিত। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙ ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। গত তিনদিনে কলকাতাতে বৃষ্টি হয়েছে যথাক্রমে ১৭ মিলিমিটার, ৫.৭ মিলিমিটার এবং ৪২.৩ মিলিমিটার অর্থাৎ ৭২ ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টি পেয়েছে কলকাতা।তবে নিম্নচাপটি আপাতত বাংলা ছেড়ে প্রতিবেশি ঝাড়খণ্ড ও বিহারের উপরে সরে যাওয়ায় বৃষ্টির মাত্রা খানিক কমবে তা বলাই যায়।