Weather (Photo Credit: X@@sanewshimachal)

নিম্নচাপ যেন পিছু ছাড়ছে না বাংলার।দিনকয়েক আগেই সাগরের উপর তৈরি হয়েছিল নিম্নচাপ। তা রাজ্য থেকে সরে গিয়েছিল, কিন্তু আবার নিম্নচাপের করাল ভ্রুকুটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে যার অভিমুখ ছত্তিশগড় ও  ঝাড়খণ্ডের দিকে রয়েছে। এছাড়া নিম্নচাপ সংলগ্ন ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। বাঁকুড়া, দিঘার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা চলে গিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এ সবের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে।

দক্ষিণবঙ্গে আজ (৭ জুলাই, সোমবার) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে।এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ। সন্ধ্যার দিকে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  কিছু কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। আগামী মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। আগামী শনিবার পর্যন্ত উত্তরের আট জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের আজ, সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম।