সপ্তাহের শুরু থেকে এখনও দেখা মেলেনি সূর্যের। আকাশ এখনও মেঘলা। তবে সরছে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খন্ড সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টায় এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর-পশ্চিমে ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপ অঞ্চলটির উপর দিয়েই বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। অন্যদিকে দক্ষিণ অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত নিম্নচাপ অঞ্চল সংলগ্ন ঘূর্ণাবর্তের ওপর দিয়ে চলে গেছে, এছাড়াও রয়েছে সক্রিয় মৌসুমী বায়ু। এই কারণের জন্য রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ সোমনাথ দত্ত জানিয়েছেন।
গতকালের মত আজও দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় কমলা সর্তকতা রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।মৌসুমী অক্ষরেখা এবং পূর্ণিমার কটালের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বহাল রয়েছে দুর্যোগ পরিস্থিতি। সকাল থেকে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। পূর্ণিমার কোটালের ফলে আজ নদী এবং সমুদ্রে জলস্ফীতি ঘটতে পারে।একাধিক জায়গায় দুর্বল বাঁধ উপচে এবং ভেঙে নোনা জলে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন। পঞ্চায়েত এবং সেচ দপ্তরকে সতর্ক করা হয়েছে। আজও মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গেও মুখ ভার আকাশের। গতকাল বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হলেও সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে বলেই পূর্বাভাস। কালিম্পং জেলায় আজ ভারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।