উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডঃ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এদিকে মৌসুমী অক্ষরেখা এখন বিকানের, কোটা, গোপালপুর হয়ে পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে দিঘা সংলগ্ন বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনও রয়েছে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর ফলে আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসুমী অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের কোথাও কোথাও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ, বেলা বাড়তে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সাত জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত।
ঘূর্ণাবর্ত থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে এই আশঙ্কায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ (মঙ্গলবার ২ সেপ্টেম্বর) থেকে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্তএই নিষেধাজ্ঞা জারি থাকবে।