Bengal Weather (Photo Credit: X@WeatherRadar_IN)

নিম্নচাপ সরে যাওয়ার পর দক্ষিণবঙ্গের আকাশে শুষ্ক পশ্চিমী বায়ুর প্রবেশে ফের বাড়ছে তাপমাত্রা। আবহাওয়াবিদদের মতে, আগামী দিনে পারদ আরও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে। পূর্ব বিহারের উপর তৈরি ঘূর্ণাবর্তের কারণে আগামী ২৪ ঘণ্টাও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে সতর্কতাও। বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলেছে। তবে সেই স্বস্তি সাময়িক বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামীতে আবারও বৃদ্ধি পাবে তাপমাত্রা।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পাশাপাশি ঝড় হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জেলার কিছু এলাকায়। জেলার সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে আগেই। এখন চলছে তার রেশ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিনেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পার্বত্য অঞ্চলে ধস নামার সম্ভাবনা থাকায় পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম।