WB Weather (Photo Credit: X@Imdkolkata)

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাংলাদেশের মধ্যভাগে তৈরি ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আজ বৃষ্টির পরিমাণ বাড়বে, রয়েছে কমলা সতর্কতা । মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলী উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, এই বর্ষার মরশুমে জুন মাস থেকে আগষ্টের ৬ তারিখ পর্যন্ত রাজ্যে স্বাভাবিক বৃষ্টিপাতের নিরিখে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলায়। এছাড়াও কলকাতা সহ সাতটি জেলায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয়েছে।

ঘূর্ণাবর্তের জেরে গতকালের মতো আজও সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। আকাশের মুখ ভার। জেলা জুড়ে বইছে ঝড়ো হাওয়া। জেলার উপকূলবর্তী এলাকা, বিশেষত ডায়মন্ড হারবার, রায়দিঘি, কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, নামখানা অন্যদিকে ক্যানিং ও গোসাবায় ঝড় বৃষ্টির দাপট যথেষ্ট বেশি রয়েছে। আজ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে নাগাড়ে বৃষ্টির জেরে নতুন করে জলমগ্ন হয়েছে জেলার একাধিক নীচু এলাকা। অন্যদিকে টানা বৃষ্টিতে বিঘের পর বিঘে চাষের জমিতে সদ্য রোপন করা ধান চারা পচে নষ্ট হচ্ছে। অবিশ্রান্ত বৃষ্টিতে জেলার একাধিক জায়গায় কাঁচা মাটির বাঁধ গুলি আলগা হতে শুরু করেছে। সেচ দপ্তর দুর্বল বাঁধের ওপর নজর রাখছে। সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা সহ একাধিক উপকূলবর্তী এলাকায় চলছে বেহাল বাঁধে আপৎকালীন মেরামতের কাজ। আজ দিনভর জেলা জুড়ে জারি থাকবে ঝড় বৃষ্টি। আগামীকাল থেকে জেলায় বৃষ্টির পরিমাণ খানিকটা কমলেও সোমবার পর্যন্ত জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের।