WB Weather 1208 (Photo Credit: X@Imdkolkata)

এখনই বিদায় নিচ্ছে না বর্ষা, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন দিল্লির উপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। যা ফিরোজপুর, পাতিয়ালা, দিল্লি, বরেলি, লখনউ, পটনা, বাঁকুড়া এবং দিঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে চলেছে। ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। অন্যদিকে জলপাইগুড়ির ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার কারণে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের উত্তরের জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণের আকাশ সাময়িক ভাবে মেঘশূন্য হয়ে পড়ায় বাতাসে ভাসমান ধূলিকণার প্রভাবে অনেকটা অঞ্চলে ফের বজ্রপাতের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে বলে সতর্ক করছেন আবহবিদরা। ফলে বিক্ষিপ্ত বৃষ্টিতেও ঘনঘন বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামী ১৩ তারিখে পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামীকাল থেকে উপকুলীয় জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে চরম ভারী বৃষ্টির (২০ সেন্টিমিটারের বেশি) লাল সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে অতিভারী বৃষ্টির (সাত থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি হয়েছে।

বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, তীব্র রোদের তেজে কাহিল হয়ে পড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ভ্যাপসা গরমে নাস্তানাবুদ শহরবাসী, একটু একটু করে বাড়ছে তাপমাত্রাও। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি।