1107 Bengal Weather (Photo Credit: X@Imdkolkata)

দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ আস্তে আস্তে সরছে ওড়িশা ও ঝাড়খন্ডের দিকে।  ধীরে হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সৃষ্ট নিম্নচাপটি ঝাড়খন্ডের দিকে সরে যাওয়ায় দক্ষিনবঙ্গে আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে বলে, আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন।শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনা জেলাতে।১৩ জুলাই পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ জুলাই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই দিনে।সমুদ্র উপকূলবর্তী জেলাগুলির জন্য মৎস্যজীবীদের সাগরে যাওয়ার বিষয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

এদিকে শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।তবে  আগামী রবিবার ১৪ জুলাই থেকে পরবর্তী তিনদিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।১৫ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ১৬ জুলাই জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে।অন্যদিকে ১৭ জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।