কার্শিয়ং, ২৬ অক্টোবর: সেনা বাহিনীকে তিনি সম্মান করেন কিন্তু নিরাপত্তার নামে সাধারণ মানুষকে বিরক্ত করা অনৈতিক। সেনা বাহিনী কোনও কারণ ছাড়া সাধারণ মানুষকে উত্যক্ত করতে পারে না। বাংলা সহ ৩ রাজ্যের বেশ সীমানার কিছু অংশ বিএসএফের হাতে তুলে দেওয়া নিয়ে ইতিমধ্যেই তিনি কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন। এমনই জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলার সীমান্ত এলাকা শান্তিপ্রিয়। তাই সীমান্ত এলাকা নিয়ে বিএসএফের মাথা ঘামানোরর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন পশ্চমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী।
সম্প্রতি বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তান (Pakistan) সীমান্ত লাগোয়া ভারতের ৩ রাজ্যে ক্ষমতা ও কাজের ব্যাপ্তি বাড়ানো হয় বিএসএফের। কেন্দ্রের তরফে জানানো হয়, এবার থেকে বাংলা-সহ তিন রাজ্যে ৫০ কিলোমিটার ভিতরে ঢুকে তল্লাশি, গ্রেফতার ও পণ্য বাজেয়াপ্ত করতে পারবে বর্ডার সিকিউরিটি ফোর্স।
বিএসএফের (BSF) ক্ষমতা বাড়ানো নিয়ে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসম, পশ্চিমবঙ্গ এবং পঞ্জাবে সংশ্লিষ্ট বাহিনীকে রাজ্য পুলিশের মতোই তল্লাশি ও গ্রেফতারের অধিকার দেওয়া হয়েছে। বিএসএফ-র অফিসাররা এতদিন গ্রেফতার, বাজেয়াপ্ত এবং তল্লাশি করতে পারতেন, তবে সেটা ছিল আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত। এবার ১৫-র পরিবর্তে ৫০ কিমি পর্যন্ত ভিতরে ঢুকে বিএসএফ এই কাজ করতে পারবে বলে জানানো হয়।