Nabanna (Photo Credits: Wikimedia)

আরজি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) ঘটনার মাঝেই ৪৩ জন সিনিয়র ডাক্তারের বদলির নোটিশ জারি করেছিল স্বাস্থ্য দফতর। শনিবার সেই বদলি স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন নবান্নসূত্রে জানা যায়, এই মুহর্তে চিকিৎসকদের বদলি করা হচ্ছে না। স্বাস্থ্য ভবন থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই আসরে নেমেছিল বিজেপি। তাঁদের অভিযোগ ছিল, আন্দোলনকে সমর্থন করার মাশুল দিতে হচ্ছে এই চিকিৎসকদের। তাই তাঁদের রাতারাতি বদলি হওয়ার নির্দেশ এসেছে। আর এই অভিযোগ ওঠার পরেই নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি বাতিল করা হয়। আসলে মুখ্যমন্ত্রীকে না জানিয়েই এই বদলি করা হচ্ছিল, তাই স্থগিত করা হয়েছে বলে দাবি রাজ্য সরকারের।

এদিকে এই বদলি রুটিন অর্ডার বলে জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল। তিনি বলেন, আমরা আন্দোলনকারীদের সমর্থন করছি এবং তাঁদের প্রতি সহানুভূতিশীল। এটা নিতান্তই একটি রুটিন অর্ডার। মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগে চিকিৎসকের সংখ্যা কম। তাই আমরা আগেই বদলির আবেদন করেছিলাম। এটি একটি চলমান প্রক্রিয়া। হাসপাতালে প্রতিটি চিকিৎসক আরজি করে নিহত চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তা সমর্থন করেন না। এখানে যাঁরা ঘটনার প্রতিবাদ করছেন তাঁদের আমরা সমর্থন করি। এই হাসপাতালেই কেউই এই আন্দোলনের বিরোধীতা করেন না। তবে আমাদের এটাও ভাবতে হবে যে সাধারণ মানুষরা যেন সেবা পান।

প্রসঙ্গত, সম্প্রতি এই চিকিৎসক বদলির নোটিশ জারি করে স্বাস্থ্য ভবন। এই বিজ্ঞপ্তি নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও বলেছিলেন, বদলির বিষয়ে তিনি কিছুই জানেন না। তাহলে কি স্বাস্থ্য ভবন খোদ মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে এড়িয়ে চিকিৎসক বদলির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে? বিশেষ করে বর্তমানে যখন চিকিৎসক মৃত্যু নিয়ে চারদিকে প্রতিবাদ হচ্ছে সেই সময় এই বদলির সিদ্ধান্ত কীভাবে হটকারী ভাবে নেওয়া হল এই প্রশ্ন কিন্তু চিকিৎসক মহলে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।