Anubrata Mandal Arrested By CBI: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই

গরুপাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে অনুব্রতর বোলপুর নীচুপট্টির বাড়ি। ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয় অনুব্রতর বাড়ির সমস্ত দরজা। বাড়ির প্রত্যেকের ফোন নিয়ে নেয় সিবিআই। তার পরই অনুব্রতকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, তদন্ত অসহযোগিতার কারণেই তাঁকে গ্রেফতার করা হল।

Anubrata Mandal Arrested By CBI: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই
Anubrata Mandal (Photo Credits: Facebook)

বোলপুর, ১১ অগাস্ট: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বৃহস্পতিবার সকাল অনুব্রতর বাড়িতে হানা দেন সিবিআই তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে অনুব্রতর বোলপুরের নীচুপট্টির বাড়ি। ঘণ্টা খানেক পর অনুব্রতকে নিয়ে বাড়ির বাইরে বের করে আনেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, শারীরিক পরীক্ষার পর দুর্গাপুরের সিবিআই ক্যাম্প অফিসে নিয়ে যাওয়া হবে অনুব্রতকে। সেখানে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, তদন্ত অসহযোগিতার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আজ সকালেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বাড়িতে সিবিআই (CBI) হানা দেয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অফিসারদের নিরাপত্তায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অনুব্রতের বাড়ি কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা চারদিক থেকে ঘিরে রাখেন। সূত্রের খবর, আদালতের নির্দেশ হাতে নিয়ে অনুব্রত বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই অফিসাররা। বাড়ির সদস্যদের ফোন নিয়ে নেওয়া হয়। নিরাপত্তারক্ষীদের বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। আরও পড়ুন: Cattle Smuggling Case: কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি

জানা যাচ্ছে, গতকাল রাতেই বোলপুরে পৌঁছে যান সিবিআই-র তদন্তকারীরা। কলকাতা থেকে যায় দুটি গাড়ি। আজ সকালেই অনুব্রত বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। গতকালই দশমবারের জন্য সিবিআই-র হাজিরা এড়ান অনুব্রত। বুধবার বেলা ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি আসেননি। আইনজীবীর মারফত চিঠি পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরার জন্য ১৪ দিন সময় চেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সূত্রের খবর, গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।

(The above story first appeared on LatestLY on Aug 11, 2022 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).