Bihar: হাসপাতালের মধ্যে নার্সকে গণধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় চিকিৎসকের গোপনাঙ্গে অস্ত্রোপচারের ব্লেড দিয়ে কোপ

আত্মরক্ষা করতে অস্ত্রোপচারের ব্লেড দিয়ে চিকিৎসকের গোপনাঙ্গে কোপ বসালেন নার্স। বিহারের সমস্তিপুরে বেসরকারি হাসপাতালের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

Bihar: হাসপাতালের মধ্যে নার্সকে গণধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় চিকিৎসকের গোপনাঙ্গে অস্ত্রোপচারের ব্লেড দিয়ে কোপ
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

সমস্তিপুর, ১৩ সেপ্টেম্বরঃ আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর এবার বিহারের (Bihar) এক বেসরকারি হাসপাতালে নার্সকে গণধর্ষণের চেষ্টা চিকিৎসক এবং তাঁর দুই সহযোগীর। আত্মরক্ষা করতে অস্ত্রোপচারের ব্লেড দিয়ে চিকিৎসকের গোপনাঙ্গে কোপ বসালেন নার্স। বিহারের সমস্তিপুরে বেসরকারি হাসপাতালের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত চিকিৎসক সঞ্জয় কুমার সঞ্জু সহ তাঁর দুই সহযোগী সুনীল কুমার গুপ্ত এবং অবধেশ কুমারকে।

ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চিকিৎসক তাঁর দুই সহযোগীর সঙ্গে মদ্যপান করে নেশাগ্রস্থ অবস্থায় হাসপাতালের মধ্যেই ওই নার্সকে গণধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করতে অস্ত্রোপচারের ধারালো ব্লেড নিয়ে চিকিৎসক সঞ্জয় কুমারের গোপনাঙ্গে কোপ বসান তরুণী। হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। এদিকে সুনীল এবং অবধেশ নার্সকে ধাওয়া করে। কিন্তু কোনমতে পালিয়ে যেতে সক্ষম হন নার্স।

এরপরেই তরুণী জরুরি নম্বর ১১২ ডায়াল করে পুলিশকে গোটা বিষয়টি জানান। এসপি বিনয় তিওয়ারির নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযুক্ত ডাক্তার এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাপড় উদ্ধার হয়েছে। আহত চিকিৎসকের হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে। পুলিশ সক্রিয়ভাবে মামলাটি তদন্ত করছে এবং আরও প্রমাণ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে রক্তমাখা বিছানার চাদর, তিনটি মোবাইল ফোন এবং মদের বোতল সহ বেশ কিছু জিনিস উদ্ধার করেছেন। গণধর্ষণের চেষ্টাটি পূর্বপরিকল্পনা মাফিক বলেই মনে করছে পুলিশ। কারণ ঘটনার আগেই হাসপাতালের সিসিটিভি ক্যামেরা নিষ্ক্রিয় করা হয়েছিল।

(The above story first appeared on LatestLY on Sep 13, 2024 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).