Kasba Rape Case: কসবায় কলেজের মধ্যে আইনের ছাত্রীকে গণধর্ষণ, অভিযুক্তদের আদালতে পেশ করল পুলিশ
কসবায় এক ল’ কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। যার মধ্যে একজন কলেজের প্রাক্তন ছাত্র ও কর্মী।
কসবায় এক ল’ কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের (Kasba Rape Case) অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। যার মধ্যে একজন কলেজের প্রাক্তন ছাত্র ও কর্মী। বাকি দু’জন বর্তমান পড়ুয়া। ধৃতদের মধ্যে প্রাক্তন ছাত্র আদপে তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী বলে জানা যাচ্ছে। আর সেই নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। বুধবার থানায় অভিযোগ দায়ের হলে বৃহস্পতিবারের মধ্যে তাঁদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে তাঁদেরকে এম, জে, পি হিসেবে পরিচয় দেওয়া হয়ছে। এদের মধ্যে এই ‘এম’ নামক ব্যক্তিই মূল অভিযুক্ত। সেই ছাত্র রাজনীতিতে যুক্ত।
আদালতে পেশ করা হয় ৩ অভিযুক্তকে
শুক্রবার অভিযুক্তদের আদালতে পেশ করা হলে তিনজনকেই আগামী ১ জুলাই পর্যন্ত হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে নির্যাতিতা ও অভিযুক্তদের মেডিকেল রিপোর্টও জমা দিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, গত ২৫ জুন সন্ধ্যে সাড়ে ৭টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে সাউথ ক্যালকাটা ল’ কলেজে ঘটনাটি ঘটে। ওইদিনই রাতে কসবা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা। এরপর তাঁকে পার্ক সার্কাসে ন্যাশানাল মেডিকেল কলেজে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
বৃহস্পতিবারের মধ্যেই গ্রেফতার তিনজন
এদিকে অভিযোগ পেতেই তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে তালবাগান ক্রসিংয়ের সামনে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এবং তৃতীয়জনকে দক্ষিণ কলকাতায় তাঁর বাড়ি থেকে আটক করা হয়। তিনজনকে গ্রেফতার করেই শারীরিক পরীক্ষা ও নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়। সেই সঙ্গে তাঁদের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jun 27, 2025 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

