প্রতীকী ছবি (Photo Credits: ANI)

হাওড়া: ভালোবাসার দিন অর্থাৎ গত ১৪ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছিলেন ১৯ বছরের হার্দিক দাস। প্রথম বর্ষের পড়ুয়া হিসেবে কলেজে পড়াশোনা করার পাশাপাশি ব্লগিং করতেন তিনি। ১৪ ফেব্রুয়ারি রেলওয়ে স্টেশনে বিশেষ শুটিং আছে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন হার্দিক। কিন্তু, তারপর থেকে আর বাড়ি ফেরেনি ওই ব্লগার।

এরপরই কলকাতার মোমিনপুরের জ্ঞান চ্ন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র ওই যুবকের বাড়ি থেকে বেহালা থানার পুলিশের কাছে একটি নিখোঁজ অভিযোগ করা হয়। পরে ওই পরিবারের পক্ষে থেকে যুবকটিকে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফেব্রুয়ারির ১৪ তারিখ কোনও ক্লাস ছিল না হার্দিকের। যদিও হার্দিক তাঁর মাকে কলেজ যাচ্ছেন বলে বেরিয়ে ছিলেন।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আরও জানতে পারে ওইদিন নিউ আলিপুর স্টেশন থেকে দমদম স্টেশন যাওয়ার জন্য একটি ট্রেন ধরেছিলেন হার্দিক। পরে দমদম পৌঁছনোর পর হার্দিকের মোবাইলটি সুইচ অফ হয়ে যায়। অবশেষে হাওড়ার উলুবেড়িয়ার একটি খাল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।