কসবায় গণধর্ষণকাণ্ডে (Kasba Gang Rape Case) ঘটনাস্থল পরিদর্শনের কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। শুক্রবার রাতে সাউথ ক্যালকাটা ল কলেজে যান তিনি। যেখানে ঘটনাটি ঘটে সেই এলাকাও ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন এই ঘটনার তদন্তকারী আধিকারিক ও কসবা থানার পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শনের পর বেরিয়ে যান পুলিশ কমিশনার। ঘটনার তদন্তে নেমেই যে রুমে ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটি সিল করে দেয় পুলিশ। পরে আজ ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই ঘটনার ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যাঁদের মধ্যে একজন তৃণমূলের যুবনেতা বলে পরিচিত। যদিও অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে আগেই দাবি করে এসেছে রাজ্যের শাসক দল।

ধৃত মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মী

সূত্রের খবর, এই ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের পূর্ব পরিচিত ছিলেন কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী। সেই কারণে তাঁর ডাকে সন্ধ্যের দিকে কলেজ চত্বরে এসেছিলেন নির্যাতিতা। তারপর তাঁকে ওই ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে মনোজিৎ, জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। এদের মধ্যে মনোজিৎ কলেজের প্রাক্তনী এবং কলেজ ইউনিয়নের সদস্য ছিল। পরে পাশ করার পর ওই কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হয়। ফলে কলেজে তাঁর একটা প্রভাব ছিলই। এছাড়া আলিপুর আদালতেও নিয়মিত প্র্যাকটিস করতেন মনোজিৎ।

গ্রেফতার ৩ অভিযুক্ত

যদিও অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে। অন্যদিকে নির্যাতিতা ভর্তি রয়েছেন হাসপাতালে। গ্রেফতারির পর শুক্রবারই অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করা হয়। যেখানে তাঁদের ১ জুলাই পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।