কলকাতা: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) ইউইউ ললিতের (U.U. Lalit) ভূয়সী প্রশংসা (Praise) করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। রবিবার দুপুরে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিসিয়াল সায়েন্সেস (West Bengal National University of Judicial Sciences)-এর ১৪তম সমাবর্তন (convocation) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধান বিচারপতির জন্য সাধারণ মানুষের বিচার ব্যবস্থার (Judicial System) প্রতি ভরসা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি জানি না যে এটা ভারতের বর্তমান প্রধান বিচারপতি ইউইউ ললিতকে অভিনন্দন জানানোর সঠিক মঞ্চ কিনা। কিন্তু, একথা আমাকেই বলতে হবে যে, গত ২ মাসে দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও ভরসা ফিরে এসেছে তাঁরই জন্য।"
আদালতকে ধর্মীয় স্থানের মতন বলে উল্লেখ করে তিনি আরও বলেন, "মানুষ আইনের দরজায় কড়া নাড়ে ন্যায়বিচারের আশা নিয়েই। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যে মানুষের বিশ্বাস যেন বিচার ব্যবস্থার উপর থাকে। বর্তমানে ভারতের গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর যে আঘাত আনার চেষ্টা চলছে তা রুখতে বিচার ব্যবস্থাকে স্বচ্ছ রাখা একান্তই কাম্য। তাই আমি এই ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেককে বিচার বিভাগকে স্বচ্ছ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করব।"
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবারের এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিত, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফোয়েজ সিদ্দিকি-সহ বিশিষ্ট ব্যক্তিরা।