মিজোরাম ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা 'সেভেন সিস্টার' নামেও পরিচিত। মিজোরাম, তার সভ্যতা, সংস্কৃতি, শিল্প এবং প্রাকৃতিক সম্পদের জন্য সারা বিশ্বে বিখ্যাত। মিজোরামের আক্ষরিক অর্থের মধ্যে মিজো অর্থাৎ আদি বাসিন্দাদের উপাধি এবং মিজো ভাষায় রামের অর্থ হল জমি, মিজোরামের অর্থ হল মিজো বাসিন্দাদের ভূমি। প্রতি বছর মিজোরাম প্রতিষ্ঠা দিবস পালিত হয় ২০ ফেব্রুয়ারি। মিজোরামের ৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেনে নেওয়া যাক এই দিনের গুরুত্ব ও ইতিহাস।
মিজোরাম প্রতিষ্ঠা দিবস স্থানীয় মিজো জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি মিজোরামের আদি বাসিন্দাদের সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ করার দিন। মিজোরাম রাজ্যের প্রতিষ্ঠার পর থেকে মিজোরামের সমস্ত অর্জনকে সম্মান করার দিন হল এটি। মিজোরাম একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর, মিজোরামের অবকাঠামো, কৃষি, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য অনেক ক্ষেত্রে সর্বাত্মক উন্নয়ন হয়েছে। এছাড়াও মিজোরামে নারী সমাজের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতাকে গুরুত্ব দেওয়ার দিকেও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে।
স্বাধীন রাজ্যের মর্যাদা পাওয়ার আগে, মিজোরাম রাজ্য পরিচিত ছিল লুসাই পাহাড় নামে এবং এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। ১৯৮৬ সালে, ভারত সরকার এবং মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF) এর মধ্যে একটি শান্তি চুক্তি হয়। এই চুক্তির পর, কেন্দ্রীয় সহযোগিতায়, কয়েক বছরের ধরে চলা বিদ্রোহ ও সহিংসতার অবসান ঘটে। মিজোরামে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অনেক রাজ্যের মতো, মিজোরাম ১৯৭২ সাল পর্যন্ত এটি আসামের একটি অংশ ছিল। ১৯৮৬ সালে ভারতীয় সংসদ ও ভারতীয় সংবিধানের ৫৩ তম সংশোধনী পাস করে এবং ১৯৮৭ সালে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ ভারতের ২৩ তম রাজ্য হিসেবে মিজোরামকে একটি পূর্ণাঙ্গ এবং স্বাধীন রাজ্যে পরিণত করা হয়।
মিজোরামের উপর হওয়া এক গবেষণা অনুসারে, এই রাজ্যের মানগুলির উপর ভিত্তি করে, দেশের সবচেয়ে সুখী রাজ্য হিসেবে ঘোষণা করা হয় মিজোরামকে। মিজোরামে নারী পুরুষের মধ্যে কোনও বৈষম্য নেই, এখানকার সামাজিক কাঠামো যুব সমাজকে সন্তুষ্ট করে। মিজোরাম হল ভারতের দ্বিতীয় রাজ্য যেখানে সাক্ষরতার হার ১০০ শতাংশ এবং এটি দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল রাজ্য। পারিবারিক সম্পর্ক, সমাজ, ধর্ম, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সবদিক থেকে সুখের মাপকাঠিতে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে মিজোরামকে।