সকালে বোমা ফাটিয়েছেন, রাতে নৈশভোজের আসর রাহুল গান্ধীর দিল্লির বাসভবনে। আর এই নৈশভোজে উপস্থিত ইন্ডিয়া জোটের (INDIA Alliance) শরিক দলের নেতা, সাংসদরা। যদিও এটা নিতান্তই ভোজ খাওয়ার আসর কিন্তু নয়। আসলে ভুয়ো ভোটার ইস্যুতে পাল্টা বিজেপিকে কীভাবে কিস্তিমাত করা যায়, সেই নিয়ে শরিক দলের নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন রাহুল। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন, তারপর বাংলাতেও রয়েছে নির্বাচন। এরপর অবশ্য বাকি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ করতে নির্বাচন কমিশন। ফলে কোনও মন্ত্রবলে এনডিএ, নির্বাচন কমিশনকে কাবু করা যায়, সেই নিয়েই রাহুলের সঙ্গে আলোচনা চলছে সকলের মধ্যে।

বৈঠকে উপস্থিত ইন্ডিয়া জোটের নেতানেত্রীরা

এদিন নৈশভোজে উপস্থিত রয়েছেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফারুক আবদুল্লাহ, মেহেবুবা মুফতি, শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে, অখিলেশ যাদব, ডিম্পল যাদব, উদ্ধব ঠাকরে, কানিমোঝি করুণানিধি সহ একাধিক দলের নেতানেত্রীরা। এই বৈঠকে ভুয়ো ভোটার ইস্যুতে রাহুল গান্ধী যে অভিযোগগুলি করেছেন, সেগুলি বিস্তারিত শরিক দলের নেতানেত্রীদের সঙ্গে আলোচনা হয়।

দেখুন ছবি

ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, এই বৈঠকে অভিষেকের উপস্থিতি ছিল তাৎপর্যপূর্ণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের কোনও বৈঠকেই উপস্থিত থাকেন না। এমনকী গত লোকসভাতে কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে এককভাবে লড়েছিল তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনেও যে জোট করে লড়বেন না, সেকথা তিনি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন। সেক্ষে্ত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে আদৌ যোগ দেবেন কিনা, সেই নিয়ে সৃষ্টি হয়েছিল জল্পনা।