Bengaluru Man Sets Relative's House On Fire (Photo Credits: X)

বেঙ্গালুরু, ৪ জুলাইঃ পারিবারিক অশান্তির জেরে আত্মীয়ের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের সদস্যরা বাড়ির ভিতরে উপস্থিত থাকা সত্ত্বেও বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। বাড়ির সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে সেই সাংঘাতিক দৃশ্য।

মঙ্গলবার, ১ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণাটকের (Karnataka) বেঙ্গালুরুতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম সুব্রামণি। আর ওই বাড়িটি ভেঙ্কটরামাণি এবং তাঁর ছেলে সতীশের বলে জানা গিয়েছে। দুই পরিবারের মধ্যে গত সাত-আট বছর আগে আর্থিক বিরোধ চলছিল। যার রেশে আত্মীয়ের বাড়িতে আগুন লাগানোর মত ঘটনা ঘটিয়েছেন সুব্রামণি। তবে সৌভাগ্যবশত বড়সড় কোন বিপদ হওয়ার আগেই নিভিয়ে ফেলা হয়েছে বাড়ির আগুন।

আর্থিক বিবাদের জেরে আত্মীয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ

আত্মীয়ের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি সুব্রামণি হাতে এক বোতল পেট্রোল নিয়ে ওই বাড়ির গেট খুলে ভিতরে ঢোকেন। বাড়ির বাইরে রাখা জুতোর তাকে পেট্রোল ঢালতে শুরু করেন। জানলা দিলেও পেট্রোল বাড়ির ভিতরে ঢেলে দেন। এরপর পকেট থেকে দেশলাই বের করে আগুন জ্বালিয়ে দেন। আগুন জ্বলে যেতেই পালিয়ে যান অভিযুক্ত। বাইর দোরগোড়ায় আগুন জ্বলছে দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। সকলে মিলে জল ঢেলে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

আত্মীয়ের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার সিসিটিভি ফুটেজঃ

জানা যাচ্ছে, সাত-আট বছর আগে পার্বতী নামের এক মহিলা তাঁর মেয়ের বিয়ের জন্যে আত্মীয় ভেঙ্কটরমণির কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তার পর ভেঙ্কটরামাণির বারবার অনুরোধ সত্ত্বেও পার্বতী সেই টাকা ফেরত দেননি। সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে পার্বতীর সঙ্গে ভেঙ্কটরমণির দেখা হয়। সেখানেই ফের ওই টাকার বিষয়টি ওঠে। দুই পক্ষের মধ্যে বচসা বাধে। এরপরেই পার্বতীর পরিবার ভেঙ্কটরমণির বাড়িতে আগুন লাগানোর ঘটনাটি ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে, সুব্রামণি, পার্বতী এবং মহালক্ষ্মী নামে আরও এক মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।