Ratan Thiyam has passes away (Photo Credit: X@airnewsalerts)

প্রয়াত হলেন মণিপুরের বিখ্যাত থিয়েটার অভিনেতা রতন থিয়াম। ভারতের থিয়েটার অফ রুটস আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বুধবার ভোরে ইম্ফলে বুধবার ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় থিয়েটার জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাঁর মৃত্যুতে সংস্কৃতি জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪৮ সালের ২০শে জানুয়ারি মণিপুরে জন্মগ্রহণ করেন রতন থিয়াম। তিনি সত্তরের দশকে 'থিয়েটার অফ রুটস' আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। এই আন্দোলনের মাধ্যমে তিনি ঐতিহ্যবাহী ভারতীয় থিয়েটারকে আধুনিকতার সঙ্গে মিশিয়ে এক নতুন মাত্রা দিয়েছিলেন। এরপর ১৯৭৬ সালে তিনি মণিপুরে নিজের নাট্যদল 'কোরাস রেপার্টরি থিয়েটার' প্রতিষ্ঠা করেন, যা আন্তর্জাতিক স্তরে খ্যাতি লাভ করে। তাঁর বিখ্যাত কিছু নাটকের মধ্যে চক্রব্যুহ, উত্তর প্রিয়দর্শী, হে নুংশিবী পৃথিবী, আশিবাগী ইশেই' বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর কাজগুলোতে মানুষের যন্ত্রণা, যুদ্ধ এবং সামাজিক সমস্যাগুলো উঠে আসত।

 

তিনি তাঁর অবদানের জন্য ১৯৮৭ সালে সংগীত নাটক আকাদেমি পুরস্কার এবং ২০১২ সালে সংগীত নাটক আকাদেমি ফেলোশিপ লাভ করেন। তিনি কিছু সময়ের জন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র ডিরেক্টর এবং চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।রতন থিয়ামের কাজ ভারতীয় থিয়েটারকে বিশ্ব মঞ্চে এক বিশেষ পরিচিতি এনে দিয়েছে। তাঁর মতো একজন প্রতিভাবান শিল্পীর প্রয়াণ ভারতীয় শিল্পকলার জন্য এক অপূরণীয় ক্ষতি।