গত রবিবার রাতে খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Khidirpur Fire Incident) জেরে পুড়ে ছাঁই হয়ে যায় ১৩০০টি দোকান। লক্ষাধিক টাকার লোকসানে কার্যত মাথায় হাত দোকান মালিকদের। ইতমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রাথমকিভাবে কিছু টাকা ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছে। জানা যাচ্ছে, আপাতত ১০ হাজার করে টাকা প্রতি দোকান মালিককে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তার জন্য ফর্ম ফিলআপ করে নথিপত্র জমা দিতে হবে পুরসভা আধিকারিকদের। তারপরে মিলবে টাকা। যদিও ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন দোকান সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে ১ লক্ষ ও আংশিক ক্ষতিগ্রস্থ হলে ৫০ হাজার টাকা দেহে রাজ্য সরকার। কিন্তু তা সময়সাপেক্ষ ব্যাপার।

কংগ্রেসের বিক্ষোভ

এদিকে ক্ষতিগ্রস্থরা যাতে দ্রুত তাঁদের ক্ষতিপূরণের টাকা পায়, আগুন লাগার সঠিক কারণ জানার জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাস্তায় নেমেছে রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। এদিন দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতাকর্মীরা মিছিল বের করেন। নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের মতো নেতারা। তিনি বলেন, ১৩০০ দোকার রাতারাতি পুড়ে ছাঁই হয়ে গেল। সরকার কি এখনও ঘুমাচ্ছে? অবিলম্বে ক্ষতিগ্রস্থদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি ও দোকানগুলি পুনরায় মেরামতির দাবি জানাচ্ছি আমরা।

খিদিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা

প্রসঙ্গত, রবিবার মধ্যরাতে অরফ্যানগঞ্জ মার্কেটে আগুন লেগেছিল। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীকে। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে ২০টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।