David Miller (Photo Credit: Saif Ahmed/ X)

মার্কিন মুলুকে শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর খেলা। ইতিমধ্যেই তিনটি ম্যাচ হয়ে গিয়েছে। এবার চলতি টুর্নামেন্টে বড় ম্য়াচ। গ্রুপ ডি-র প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বরাবরই বিশ্বকাপে আলাদা আকর্ষণ তৈরি করে। ধারেভারে, খাতায় কলমে এগিয়ে থেকে নামছে দক্ষিণ আফ্রিকা। আইডেন মার্করামের নেতৃত্বে প্রোটিয়া দলে হেনরিক ক্লাসেন, কুইন্টন ডি কক থেকে ডেভিড মিলার-একাধিক আইপিএল হিরোর ছড়াছড়ি। তবে এবারের দক্ষিণ আফ্রিকা দলে তুরুপের তাস হতে পারেন রেজা হেনরিকস, ত্রিস্টান স্টাবসের মত প্রতিশ্রুতিমানরা।

কাগিসো রাবাদ, থেকে লুঙ্গি এনগিদি, এনরিচ বোকিয়া, কেশব মহারাজের মত বোলারও আছে প্রোটিয়া দলে। জয়সূর্য, সাঙ্গাকার, জয়বর্ধনে, মালিঙ্গাদের অবসরের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর তেমন বড় শক্তি নয় শ্রীলঙ্কা। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গার নেতৃত্বে খেলা লঙ্কা দলে পাথুম নিশাঙ্কা, দাসন শনকা, কুশল মেন্ডিসের মত প্রতিশ্রুতিমান ও অঘটন ঘটানোর মত একাধিক ক্রিকেটার রয়েছেন।

গ্রুপ ডি-তে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল। গ্রুপ থেকে দুটি করে দল সুপার এইটে উঠবে। এই গ্রুপে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের অঘটন ঘটানোর ক্ষমতা রয়েছে। তাই কঠিন গ্রুপে বিশেষ করে শ্রীলঙ্কার কাছে আজকের ম্যাচটি খুবই গুরত্বপূর্ণ হতে চলেছে।

কোথায়, কবে আয়োজিত টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ

আজ, সোমবার ৩ জুন নিউ ইয়র্কে টি ২০ বিশ্বকাপ ২০২৪-এ গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

খেলাটি কখন থেকে শুরু হবে

ভারতীয় সময় রাত আটটা থেকে শুরু হবে খেলাটি।

কোথায়, কীভাবে সরাসরি দেখবেন খেলাটি

আইসিসি টি-২০ বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন টিভি চ্যানেলে। অনলাইনে বিনামূল্যে দেখা যাবে ডিজনি+হটস্টার-এর মাধ্যমে। মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেটের পাশাপাশি স্মার্ট টিভিতেও সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।