UP Suicide Case: পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা এক ব্যক্তি, ভিডিয়োতে স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ
ফের পারিবারিক অশান্তির জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের লিসারি গেট এলাকায়।
ফের পারিবারিক অশান্তির জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটের লিসারি গেট এলাকায়। পরিবারের সদস্যরা স্থানীয় থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে পুলিশ। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বছর ৪০-এর জান মহম্মদের। এদিকে মৃত্যুর আগে তিনটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড করেছিলেন জান মহম্মদ।
বাড়ি হাতানোর জন্য মানসিক চাপ
ভিডিয়োতে তিনি তাঁর মৃত্যুর জন্য স্ত্রী, শাশুড়ি, চার ভগ্নিপতি ও এক আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই ব্যক্তিটির মুরাদনগরের জালালবাদের একটি পৈতৃক বাড়ি হাতানোর জন্য চাপ দিচ্ছিলেন স্ত্রী ও তাঁর পরিবারের লোকজনেরা। এই নিয়ে সপ্তাহদুয়েক আগে প্রবল অশান্তি হয়েছিল এবং বাড়িটি লিখিয়ে নেওয়ার জন্য চাপও দিচ্ছিল। এমনকী নারী নির্যাতনের কেসে জানকে ফাঁসানোর হুমকিও দিয়েছিল তাঁর স্ত্রী। আর তারপরেই বাধ্য হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি।
পলাতক অভিযুক্তরা
বৃহস্পতিবার রাতে মৃতের ভাই আস মহম্মদ থানায় খবর দেয়। পরবর্তীকালে জান মহম্মদের স্ত্রী শেহনাজ, তাঁর মা আহমেদ নিশা, ভগ্নিপতি ইশরার, শান মহম্মদ, কোয়াসিম, কোয়াসিফ, আত্মীয় সালাউদ্দিন, সলমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক ৮ অভিযুক্ত। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
(The above story first appeared on LatestLY on Sep 13, 2025 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

