বন্ধ ঘরে রহস্যজনকভাবে ৪ জনের দেহ উদ্ধার হল দিল্লির (Delhi) দক্ষিণপুরী এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে তড়িঘড়ি চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ১ জন ভর্তি রয়েছেন হাসপাতালে। মৃত্যুর কারণ এখনও অজানা। মৃতদেহগুলি ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠা্নো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক এসি ইউনিট এবং এসিতে ব্যবহৃত গ্যাস।
মৃতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে
পুলিশসূত্রে খবর, শনিবার সকালে দক্ষিণপুরীর আম্বেদকর নগর এলাকায় একটি বহুতলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দেহগুলি। হতাহতদের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। জানা যাচ্ছে, এদিন সকাল ১১টা ১৫ নাগাদ এক ব্যক্তি স্থানীয় থানায় ফোন করে জানান, তাঁর ভাই ফ্ল্যাটের মধ্যে রয়েছে এবং দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কেউ সারা দিচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙে। তারপরেই এরকটি ঘরে ৪ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
গ্যাস লিকের কারণে মৃত্যুর সম্ভাবনা
প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা, যুবকরা সকলেই এসি মেকানিক। শুক্রবার রাতে কাজ সেরে ভাড়াবাড়িতে ঘুমোচ্ছিলেন তাঁরা। রাতে এসির জন্য ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার লিক করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। কারণ মৃত বা আহত কারোর দেহেই কোনও আঘাতের চিহ্ন নেই। তবে এই ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।