UAE Cancel 4800 Bangladeshi Visas: আচমকা কেন ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল করল দুবাই! মাথায় হাত হাজার হাজার প্রবাসীর

সংযুক্ত আরব আমিরাত (UAE) আচমকাই প্রায় ৪,৮০০ জন বাংলাদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। দেশে ছুটিতে এসে আর কর্মস্থলে ফিরতে পারছেন না বহু প্রবাসী।

UAE Flag (Photo Credits: X/Wikimedia Commons)

UAE Cancel 4800 Bangladeshi Visas: সংযুক্ত আরব আমিরাত (UAE) আচমকাই প্রায় ৪,৮০০ জন বাংলাদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। দেশে ছুটিতে এসে আর কর্মস্থলে ফিরতে পারছেন না বহু প্রবাসী। কোনো পূর্ব সতর্কবার্তা বা স্পষ্ট কারণ ছাড়াই এই গণ-ভিসা বাতিলের ঘটনায় চরম বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আবু ধাবির সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু করেছে ঢাকা। দ্রুত এই সংকট সমাধানের আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।

হঠাৎ কেন এই পদক্ষেপ?

গত জুলাই মাস থেকেই মূলত এই ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু হয়। প্রথমে এই সংখ্যা প্রায় ৪,০০০ বলে জানানো হলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ভুক্তভোগীর সংখ্যা ৪,৮০০ ছাড়িয়েছে। দীর্ঘ ২৭ বছর ধরে ইউএই-তে কর্মরত আবুল কালাম আজাদ জানান, গত ৭ এপ্রিল তিনি দেশে আসেন। এর পর ২৪ জুলাই একটি ইমেলের মাধ্যমে তাঁকে জানানো হয় তাঁর ভিসা বাতিল করা হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের অস্থির ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের কাগজপত্র, সোশাল মিডিয়া অ্যাক্টিভিটি এবং ভিসা নবায়নের ওপর নজরদারি কঠোর করেছে আমিরাত সরকার। তবে ঠিক কী কারণে এত বিপুল সংখ্যক বাংলাদেশির ভিসা বাতিল করা হলো, তা নিয়ে এখনও সরকারিভাবে মুখ খোলেনি দুবাই প্রশাসন।

প্রধান দাবি ও পরিসংখ্যান

মোট প্রভাবিত প্রবাসী: প্রায় ৪,৮০০ জন বাংলাদেশি।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি: প্রায় ১২ লক্ষেরও বেশি।

প্রবাসীদের দাবি: আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান।

আর্থিক সহায়তার দাবি: সমস্যা না মেটা পর্যন্ত পরিবার পিছু মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা সরকারি ভাতা প্রদানের দাবি।

রাজপথে প্রবাসীরা, সমাধানের খোঁজে ঢাকা

গত ৭ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে প্রায় ৩৫০ জন ক্ষতিগ্রস্ত প্রবাসী এক একত্রিত হয়ে সরকারের হস্তক্ষেপ দাবি করেন। তাঁরা জানান, অনেকেরই আমিরাতে কোটি টাকার ব্যবসা ও দোকানপাট রয়েছে। ভিসা বাতিলের কারণে সেই সব ব্যবসা এখন অনিশ্চয়তার মুখে। যদি দুবাইয়ে ফেরার রাস্তা বন্ধই হয়ে যায়, তবে তাঁদের অন্য দেশে পুনর্বাসন বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

কী বলছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক

বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রক ও প্রবাসীদের জন্য নিযুক্ত আবু ধাবির দূতাবাস ইতিমধ্যেই সক্রিয় হয়েছে। যাদের ভিসা বাতিল হয়েছে, তাঁদের দ্রুত দূতাবাসের নির্দিষ্ট ইমেলে নিজেদের বিবরণ জমা দিতে বলা হয়েছে। দুবাই সরকারের কাছে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো এই প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স, তাই ঢাকার জন্য এই সংকট দ্রুত কাটানো অত্যন্ত জরুরি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement