London: প্রবাসী ভারতীয়দের প্রকাশ্যে 'গলা কেটে দেওয়ার' হুমকি পাক-কর্নেলের, লন্ডনে পাকিস্তান দূতাবাস থেকে সাংঘাতিক ভিডিও ভাইরাল
বিক্ষোভের এমন উত্তেজনাময় পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল তৈমুর রাহাত দূতাবাস থেকে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ভারতীয় বিক্ষোভকারীদের প্রকাশ্যে গলা কেটে ফেলার ইঙ্গিত দিলেন। সেই ভিডিও হু-হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
জম্মু কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) ঘটনার ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতে। বৈসরন উপত্যকায় পাক-জঙ্গিদের হামলা এবং পর্যটক খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লন্ডনে পাকিস্তান দূতাবাসের (Pakistan High Commission in London) বাইরে বিক্ষোভে জড়ো হয়েছেন ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা। ভারতের পতাকা হাতে 'পাকিস্তান মুর্দাবাদ' ধ্বনি তুলে আন্দোলন করছেন লন্ডনের প্রবাসী ভারতীয়রা। হাজার হাজার ভারতীয় লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন। বিক্ষোভের এমন উত্তেজনাময় পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল তৈমুর রাহাত দূতাবাস থেকে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ভারতীয় বিক্ষোভকারীদের প্রকাশ্যে গলা কেটে ফেলার ইঙ্গিত দিলেন। সেই ভিডিও হু-হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা)।
চড়ছে ভারত-পাক সংঘাতের পারদঃ
ভূ-স্বর্গে ভ্রমণে যাওয়া পর্যটকদের উপর পাক-জঙ্গিদের নির্বিচারে গুলি চালানোর ঘটনায় নিন্দা জানিয়েছে আমেরিকা, রাশিয়া, চিন-সহ অন্যান্য দেশনায়কেরা। পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ২৬ জন পর্যটকের। হামলার দায় করেছে পাকিস্তানের লশকর-ই-তায়বারের ছায়া সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'। এর পরেই লন্ডনে পাকিস্তান দূতাবাসের বাইরে জমায়েত করে বিক্ষোভ শুরু করেন সেখানকার প্রবাসী ভারতীয়রা। ভারতের পতাকা হাতে 'পাকিস্তান মুর্দাবাদ', 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে বিক্ষোভ দেখান ভারতীয় আন্দোলনকারীরা। বিক্ষোভরত প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে উসকানিমূলক ইঙ্গিত করলেন পাক সেনাবাহিনীর কর্নেল তৈমুর রাহাত।
কর্নেল তৈমুর রাহাতের অগ্রাসন মূর্তিঃ
সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানের ছবি হাতে নিয়ে বিক্ষোভরত প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে হাতের ইশারা করে প্রকাশ্যে কর্নেল তৈমুর তাঁদের খুনের হুঁশিয়ারি দিচ্ছেন। পাক সেনা-নায়কের এমন আগ্রাসনের চেহারার নিন্দা শুরু হয়েছে ভারত জুড়ে।