Germany Fire Tragedy: জার্মানির বোহুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন তিন ভারতীয় পড়ুয়া, গ্রেফতার ১
বোহুম শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভারতীয় শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে দু'জন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে কোনো যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট না থাকায় বিষয়টিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ।
Germany Fire Tragedy: জার্মানির বোহুম শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভারতীয় শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে দু'জন নারী এবং একজন পুরুষ রয়েছেন। প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে কোনো যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট না থাকায় বিষয়টিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে ভবনের ৪১ বছর বয়সি এক বাসিন্দাকে আটক করা হয়েছে। জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের বোহুম শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ সক্রিয় হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং বার্লিনে অবস্থিত ভারতীয় দূতাবাস ও ফ্রাঙ্কফুটে অবস্থিত কনস্যুলেট জেনারেল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।
ভারতীয় দূতাবাসের প্রতিক্রিয়া
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগে বলা হত টুইটার) দেওয়া এক বার্তায় ভারতীয় দূতাবাস শোকে থাকা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। দূতাবাস জানায়, "জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার বোহুম শহরে একটি অগ্নিকাণ্ডে তিন জন ভারতীয় নাগরিক (দু'জন মহিলা ও একজন পুরুষ) মর্মান্তিক প্রাণ হারিয়েছেন। এই তিনজনই জার্মানিতে পড়াশোনা করছিলেন।" দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, "বার্লিনে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং ফ্রাঙ্কফুটের কনস্যুলেট জেনারেল স্থানীয় কর্তৃপক্ষ ও শোকাহত পরিবারের সাথে যোগাযোগ রাখছে এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। জার্মান কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। এই গভীর শোকে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
তদন্ত ও গ্রেফতার
আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, জার্মান পুলিশ এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অ্যাপার্টমেন্ট ভবনের ৪১ বছর বয়সি এক বাসিন্দাকে অন্তর্বর্তীকালীন গ্রেপ্তার করেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে,তাদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সি দুই নারী এবং ২৬ বছর বয়সি এক যুবক রয়েছেন, যারা সবাই ভারতীয় নাগরিক। পুলিশ ও কৌসুলিরা জানিয়েছেন, একজন ফায়ার সেফটি বিশেষজ্ঞের মূল্যায়নের পর অগ্নিকাণ্ডের পেছনে কোনো যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। এরপরই তদন্তের মোড় ঘুরে যায় এবং বোহুমের প্রসিকিউটর অফিসের তত্ত্বাবধানে হোমিসাইড ইনভেস্টিগেটররা (হত্যাকাণ্ড তদন্তকারী কর্মকর্তা) ওই ৪১ বছর বয়সি বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করেন।
আগের বিরোধ ও পটভূমি
জার্মান পাবলিক ব্রডকাস্টার এনডিআর (NDR)-এর বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঠিক একদিন আগে অর্থাৎ রবিবার স্থানীয় পুলিশ ওই অ্যাপার্টমেন্ট ভবনে একটি বিবাদের ঘটনায় ডাক পেয়েছিল। এর আগেও ওই ভবনে গোলযোগের কারণে পুলিশকে তলব করা হয়েছিল বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তাদের পূর্ববর্তী হস্তক্ষেপে সঙ্গে এই মারাত্মক অগ্নিকাণ্ডের কোনো সরাসরি যোগসূত্র ছিল না। ঘটনার আসল রহস্য উদঘাটনে জার্মান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুঙ্খানুপুঙ্খ তদন্ত অব্যাহত রয়েছে।