Shehbaz Sharif On Operation Sindoor: 'কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত' অপরেশন সিঁদুরের পরে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইসলামাবাদ
এই হামলার যোগ্য জবাব দেবে পাকিস্তান, এমনটাই এক্স হ্যান্ডেলে লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (PM Shehbaz Sharif)।
নয়াদিল্লিঃ মধ্যরাতে পাকিস্তানে (Pakistan) আঘাত হেনেছে ভারতীয় সেনা (Indian Army)। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গিঘাঁটি। আর এই হামলার পরই পাক প্রধানমন্ত্রীর গলায় হুঁশিয়ারি । এই হামলার যোগ্য জবাব দেবে পাকিস্তান, এমনটাই এক্স হ্যান্ডেলে লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (PM Shehbaz Sharif)। মধ্যরাতে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "পাকিস্তানের পাঁচ এলাকায় কাপুরুষের মতো আঘাত হেনেছে ধূর্ত শত্রু। এই হামলার যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। ইতিমধ্যেই পাল্টা জবাব দেওয়া শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান তৈরি, পাকিস্তানের নাগরিকরা তৈরি। পাক সেনার পাশে রয়েছে গোটা দেশ।" শুধু তাই নয়, পাক প্রধানমন্ত্রীর কথায়, "আমরা কখনই শত্রুকে তার অসৎ লক্ষ্য পূরণ করতে দেবো না। পাকিস্তান ও পাক সেনা জানে কীভাবে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে হয়।"
আরও পড়ুনঃ মধ্যরাতে প্রত্যাঘাত, পাকিস্তানে আঘাত হানল ভারতীয় সেনা
ভারতের যোগ্য জবাবে ফুঁসছে পাকিস্তান, হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী
উল্লেখ্য, মধ্যরাতে 'অপরেশন সিঁদুর' চলাকালীনই কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকায় নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। অন্যদিকে 'অপরেশন সিঁদুর' এ ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা বিবৃতি দিয়ে জানানো হয়েছে ইসলামাবাদের তরফে। বুধবার ভোরে সাংবাদিক বৈঠক করেন পাক আইএসপিআর ডিজি। এই সাংবাদিক বৈঠকে তিনি বলেন “বহাওয়ালপুরের আহমেদপুরের পূর্বে অবস্থিত শুভান মসজিদে হামলা চালানো হয়েছে। মোট চারটি স্ট্রাইকে পাঁচ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। মৃত পাঁচ জনের মধ্যে একটি তিন বছরের শিশুও আছে। এ ছাড়া এই হামলায় ৩১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৬ জন মহিলা।” তিনি আরও বলেন, “মুজাফফরাবাদের বিলাল মসজিদেও হামলা করা হয়েছে। এই হামলায় একজন আহত হয়েছেন এবং মসজিদটি ধ্বংস হয়েছে। মুরিদকেতে উমালকুরা মসজিদকেও নিশানা করা হয়েছে। সেখানে ১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ২ জন। ধ্বংস হয়েছে মসজিদটি। শিয়ালকোটের কোটকি লোহারা গ্রামেও পরপর দু'টি হামলা চালানো হয়েছে।”
অপরেশন সিঁদুরের পরে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইসলামাবাদ