West Bengal Weather: কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি? নিম্নচাপের কী অবস্থা, বড় আপডেট আবহাওয়া দফতরের

West Bengal Weather: বর্ষার দাপট এখনও অব্যাহত বঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চললেও উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

WB Weather Forecast. (Photo Credit:X)

West Bengal Weather: বর্ষার দাপট এখনও অব্যাহত বঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চললেও উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আরও কয়েকদিন বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ সংলগ্ন যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল, সেটি এখন দুর্বল হয়ে গেছে।

পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

তবে বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ় হয়ে পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, যার ফলে বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কী বলছে হাওয়া অফিস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির তীব্রতা কমবে। তবে জলপাইগুড়িতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত অন্য জেলাগুলির জন্য নতুন কোনও সতর্কতা জারি করা হয়নি। এদিকে, দক্ষিণবঙ্গের কলকাতা-সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বেরোলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement