Weather Forecast Of Bengal: নিম্নচাপ সরে যাচ্ছে আরো উত্তর-পশ্চিম দিকে, আজ থেকে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টি- পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর
মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা। তবে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এর ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি আরো উত্তর-পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। যার ফলে দক্ষিণবঙ্গে গত দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল তা আজ বিকাল থেকে কমবে। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলায় প্রবেশ করেছে৷ এর প্রভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার পর্যন্ত এই রাজ্যের প্রায় সব জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। তবে ২১ থেকে ২৩ জুন দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে বর্ষার বৃষ্টি পরিলক্ষিত হবে৷ উত্তরবঙ্গেরও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিম্নচাপের ভ্রুকুটি কাটলেও দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে ঝড় বৃষ্টি অব্যাহত। গত কয়েকদিনের মতন আজও সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। সঙ্গে বইছে দমকা ঝড়ো হাওয়া। সকাল থেকে কালো মেঘে ছেয়ে আছে আকাশ। জেলার উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টির দাপট যথেষ্ট বেশি রয়েছে। উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র, ফলে নিম্নচাপের ভ্রুকুটি কাটলেও সমুদ্রে রওনা দিতে পারছে না মৎস্যজীবী ট্রলার গুলি।
আজ এবং আগামীকাল কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দফায় দফায় বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রা। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক আট ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রী কম।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)