Kolkata House Collapsed: টানা বৃষ্টিতে ভেঙ্গে পড়ল বৌবাজারের মুচিপাড়া এবং গিরিশ পার্ক থানা এলাকার দুটি বাড়ি
কলকাতার বৌবাজারের মুচিপাড়া এবং গিরিশ পার্ক থানা এলাকায় আজ সকালে দুটি পুরোনো বাড়ি ভেঙে পড়ে। মুচিপাড়া এলাকার বাড়িটির বারান্দার কিছু অংশ এবং গিরীশ পার্ক এলাকার সুবীর চ্যাটার্জী রোডে একটি তিনতলা বাড়িটির একাংশ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। হতাহতের কোনো খবর নেই। বহুদিন আগেই এই বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষিত হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
কলকাতায় রাতভর বৃষ্টিতে আমহাষ্ট্রীট, ঠনঠনিয়া কালিবাড়ী, ফিয়ার্স লেন, কলেজ স্ট্রিটের কিছু অংশ, মুক্তারাম বাবু ষ্ট্রীট, উল্টোডাঙ্গা আনডার পাস, সেন্ট্রাল এ্যভেনিউ- এর বেশ কিছু অংশে জল জমে। পাশাপাশি সল্টলেকের বিভিন্ন জায়গায়, AJC বোস রোড ফ্লাইওভারে জল জমে থাকার খবর মিলেছে। দ্রুত জমা জল সরানোর জন্য পুরসভার সবক’টি নিকাশি পাম্প চালু করা হয়েছে।
গতকাল রাত ১০ টা থেকে আজ সকাল ১০ টা পর্যন্ত কলকাতা পুরসভা এলাকার ট্যাংরার পাগলাডাঙা এলাকায় ১৬১ দশমিক ৬’মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপরেই রয়েছে মানিকতলা। সেখানে বৃষ্টির পরিমাণ ১৪৭ মিলিমিটার। বালিগঞ্জে বৃষ্টি হয়েছে ৯৯ মিলিমিটার এবং শহরের অন্যান্য অংশে ওই সময়ে ৩৬ থেকে ৮২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া গেছে।